লঞ্চের ধাক্কায় ৩৫ গরু নিয়ে ট্রলারডুবি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৪
 
মুন্সীগঞ্জে এম ভি ঐশি নামের একটি লঞ্চের ধাক্কায় ৩৫টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে এই দুঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
 
ট্রলারে থাকা মোবারেক ব্যাপারী জানান, তারা  সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা যাচ্ছিল। পথিমধ্যে শিমুলিয়া ঘাটের কাছে এম ভি ঐশি নামের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। আশপাশের ট্রলার ও স্পিডবোট যেয়ে আমাদের উদ্ধার করে।
 
মাওয়া ফাঁড়ির ইনচার্জ এস আই মো মোশারফ হোসেন জানান, এ পর্যন্ত সাতটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারে মো বারেক ব্যাপারীর ৩০টি গরু এবং নুর মোহাম্মদের পাঁচটা গরু ছিল। গরুগুলো ট্রলারের সাথে বাঁধা ছিল। তাই গরুগুলো সাথে সাথে উদ্ধার করা যায়নি। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে পদ্মায় এখন প্রচণ্ড স্রোত। এর সাথে বৃষ্টিও হচ্ছে।
 
তিরি আরো বলেন, অভিযুক্ত লঞ্চটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।