আইনস্টাইনের ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে একশোর বেশি দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে হিব্রু বিশ্ববিদ্যালয়ে। প্রদর্শনীতে আলবার্ট আইনস্টাইনের এমন সব পাণ্ডুলিপি উপস্থাপন করা হবে যা আগে কখনো প্রকাশ করা হয়নি। ১১০টির মতো পাণ্ডুলিপিতে নোবেল জয়ী এই বিজ্ঞানীর এমন সব কাজ রয়েছে যা নিয়ে আগে কখনো গবেষণা হয়নি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক লোকের ব্যক্তিগত সংগ্রহ থেকে এগুলো কেনা হয়েছে। আবার ক্রাউন-গডম্যান ফ্যামিলি ফাউন্ডেশনও সরবরাহ করেছে এর কিছু।
এই পাণ্ডুলিপির মধ্যে ইউনিফাইড তত্ত্ব নিয়ে আইনস্টাইনের প্রবন্ধটির পরিশিষ্টও রয়েছে, যেটি ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। তিনি শক্তির প্রকৃতি নিরুপণ করতে সব ধারণাগুলোকে একটি তত্ত্বের আওতায় নিয়ে ব্যাখ্যা করতে তিন দশক কাটিয়ে দিয়েছিলেন। এর আগে আইনস্টাইনের এই প্রবন্ধটির পরিশিষ্ট অংশটি হারিয়ে গিয়েছে বলে ধরে নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।
এসব নথির এক জায়গায় জানা গেছে, আইনস্টাইন তার এক সহকর্মী বিজ্ঞানী মিশেল বেসোর কাছে লেখা একটি বার্তায় স্বীকার করেছেন যে ৫০ বছর সাধনা করেও তিনি আলোর কোয়ান্টাম ধরন বুঝতে পারেননি। তাছাড়া জার্মানীর নািস বাহিনীর উত্থান নিয়েও আইনস্টাইন একটি চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন- এমন প্রমাণও মিলছে ওই সংগ্রহ থেকে। ১৯৩৫ সালে তার ছেলে হ্যানস আলবার্টকে লেখা এক চিঠিতে বলছেন: ‘এমনকি জার্মানিতেও আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়েছে। তবে শুধু আশা করছি যে ইউরোপে যেন কোনো যুদ্ধ না বাধে।’
আইনস্টাইনের মেডেল, ডিপ্লোমার কাগজপত্র এবং ছবিসহ ৮০,০০০ জিনিসের একটি আর্কাইভও রয়েছে এই সংগ্রহশালায়। আর্কাইভের অ্যাকাডেমিক পরিচালক হ্যানচ গুটফ্রেন্ড বলছেন, ‘আলবার্ট আইনস্টাইনের ইচ্ছা অনুযায়ী তার বুদ্ধিবৃত্তিক দর্শনকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য কাজ করতে পেরে হিব্রু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত। এই সব নথি থেকে জানা গেছে, ধর্ম নিয়ে আইনস্টাইনের যুক্তিতর্ক বিষয়ক একটি চিঠি ২০১৭ সালে প্রায় ২৯ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। -বিবিসি
