নানা আয়োজনে আজ পালিত হবে নারী দিবস

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০০:২৭

 ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্য করে আজ দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ বছর ছুটির দিন শুক্রবার নারী দিবস হওয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মূল অনুষ্ঠান হবে কাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। নির্বাচিত শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে। সকল জেলা শহরে ৮-৯ মার্চ নারী উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য প্রদর্শনী মেলা হবে।

গতকাল রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। ৮ মার্চ প্রথম প্রহর ১২টা ১ মিনিটে  মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আমাদের আঁধার ভাঙার এ শপথে সকলের সংহতি প্রত্যাশা করে সংগঠনটি। আজ  ৬৭টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ৫৮টি জেলা শহরে সহযোগী সংগঠন ও নারী সংগঠনসমূহের নেটওয়ার্ক ‘দুর্বার’ এর মাধ্যমে দিবসটি পালন করছে নারীপক্ষ। তাদের এবারের প্রতিপাদ্য ‘নারীর নাগরিক অধিকার।’

সকাল সাড়ে ৯টায় নারীপক্ষ কার্যালয়ের সামনে থেকে রোডশো শুরু হয়ে সকাল ১০টায় মানিক মিয়া এভিনিউতে গিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। মানিক মিয়া এভিনিউ থেকে রোডশো কালসী পর্যন্ত গিয়ে ফের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং রোডশোটি আশুলিয়ায় গিয়ে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করবে। এছাড়া জাতীয় প্রেসক্লাবে বিকাল ৫টায় এক সাংবাদিক সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সকাল ১০টায় শোভাযাত্রা ও বিকাল ৩টায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে ড্যান কেক এক কনসার্টের আয়োজন করেছে। বিকাল ৪টায় রবীন্দ্র সরোবরে অনুুষ্ঠিত হবে এই কনসার্ট।