ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন খুন হয়েছেন। রবিবার সকালে গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, শনিবার বিকালে পূর্বধলা উপজেলার চল্লিশা বৈরাটি গ্রামের আফতাব মিয়ার জমির চারাগাছ খেয়ে ফেলে পাশ্ববর্তী গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের রাষ্টিক মিয়ার বাছুর। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়। রবিবার সকালে স্থানীয় লোকজন ঘটনা মীমাংসার জন্য সালিশ ডাকে। সকালে সালিশের আগেই উভয় পক্ষের মধ্যে উত্যপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে চল্লিশা বেরাটী গ্রামের আফতাব, ফজলু, কেনু শেখ সহ ১০/১৫ জন ধারাল অস্ত্র নিয়ে মৌজা বৈরাটী গ্রামের প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে প্রতিপক্ষের রাষ্টিক মিয়া(৫০) ও তার বড় বোন রাজিয়া খাতুনকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় সিরাজুল ও লিংকন নামে আরো দুইজন আহত হয়। মারাত্মক আহত রাষ্টিক মিয়া ও তার বড় বোন রাজিয়া খাতুনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি ধরতে পূর্বধলা ও গৌরীপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।
