দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে থাকা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) তালিকা চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপনে কত টাকা ব্যয় হয় এবং কি পরিমাণ লোকবলের প্রয়োজন তাও জানতে চেয়েছে আদালত। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এবং রিটকারীর পক্ষে বশির আহমেদ উপস্থিত ছিলেন।
