ইয়াবা ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিল স্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৭
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিল স্ত্রী। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত ১৫ বছর আগে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সিরাজুল ইসলামের সঙ্গে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তাঁতীপাড়ার আঙগা মিয়ার মেয়ে মোস্তফা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সিরাজুল ইসলাম মাদক সেবন করত এবং এক পর্যায়ে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। অবৈধ ব্যবসা থেকে সরে আসার জন্য স্ত্রী বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিনিময়ে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য স্ত্রীকে মারধর করে সিরাজুল। রবিবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজুল শ্বশুর বাড়িতে এসে ইয়াবা ব্যবসার টাকার জন্য বেপরোয়াভাবে স্ত্রীকে মারধর করলে তার চিৎকারে স্থানীয় লোকজন সিরাজুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করে।
 
সাতকানিয়া থানার উপপরিদর্শক ইখতিয়ার উদ্দিন জানান, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।