রংপুরে বিষাক্ত মদ পানে আরো চার জনের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ০০:৩৫

রংপুরে বিষাক্ত চোলাই মদ পানে আরো চারজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এরা হলেন, জহুরুল ইসলাম কসাই (৪০), লক্ষণ কুমার কর্মকার (৫৮), খুশি লাল (৪২) ও নওশাদ (৩৪)। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

 
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট মাহিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ ও এএসআই হাসানকে ক্লোজড করা হয়েছে। একই সাথে সাত কনস্টেবলকে বদলি করা হয়েছে।
 
অপরদিকে মদ পানে মৃত নাসিম উদ্দিন ও মনু মিয়ার ভাই আমিন মিয়া ২৪ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। এছাড়াও মাদক দ্রব্য আইনে আরও আটটি মামলা হয়েছে। এঘটনায় পুলিশ গতকাল পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে। কাচারী বাজার চত্বরে দোষীদের শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
 

উল্লেখ্য, গত সোমবার মদ পানে নগরীর তাজহাট বিহারীপাড়ায় ১০ জন অসুস্থ হয়ে পড়েন। গত মঙ্গলবার এদের মধ্যে নাসিম, তার ছোট ভাই মনু, গফুর, আজমেরি ও মজিদ মারা যান।