নাটোরের সিংড়া উপজেলার বড় চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে পশ্চিম পার্শ্বের খাদে যাত্রীবাহী বাস উল্টে শিশু বৃদ্ধসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এদের মধ্যে অজ্ঞাত তিনজনের অবস্থা আশংকাজনক। আহতদের রাজশাহী মেডিকেল, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও বাসের আহত যাত্রী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টায় যাত্রীবাহী একটি বাস অপর একটি বাসের সাথে পাল্লা দিয়ে নাটোর যাচ্ছিল। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কের বড় চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতরা হলেন, আল আমিন (২০), মকছেদ আলী (৫৫), তাসলিমা (২৬), শাহিন (৩), মানিক পাগল (৪৫), রুবিনা (২৫), রিপা (১২), রাহী (১), রুখসানা (২৫), সুজন কুমার সরকার (২৫), নাসিরাম (১৪), মুছাদদিকা (১৪), মোজাফ্ফর (৫০), মুস্তাকিন (১২), নজরুল (২৫), নারায়ণ কুন্ডু(২৫), পপি (২৬), মিলন (১৮), জাহাঙ্গীর (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা মুরাদ হোসেন জানান, এ পর্যন্ত ২৭ জনকে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত তিনজনসহ মোট ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
