মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অন্তঃসত্ত্বা মা ও তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে পিটিয়ে আহত করেছে স্থানীয় এক দল বখাটে। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মেয়েটির পিতা মাহমুদ হাসানও বখাটেদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকাল সাড়ে পাঁচটায় ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে সমর, আরমান, সুমন মেয়েটিকে উত্যক্ত করে। খবর পেয়ে স্কুলছাত্রীর মা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বখাটে সমর ও তার দুই সহযোগী মা-মেয়েকে পিটিয়ে আহত করে। তাদের রক্ষা করতে গেলে ছাত্রীর পিতা ও এলাকার দুই তরুণও বখাটেদের মারধরের শিকার হন।
স্কুল ছাত্রীর পিতা মাহমুদ হাসান বলেন, ‘আমার মেয়ে প্রাইমারি পাশ করে শুলপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলে ওই স্কুলের শিক্ষক ভবেশ চন্দ্র পালের কাছে প্রাইভেট পড়া শুরু করে। সকাল সাড়ে সাতটায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় মৃজাকান্দা গ্রামের শেখ আক্কাসের ছেলে সমর ও তার সঙ্গীরা আমার মেয়েকে রাস্তায় হাত ধরে টানাটানি করে। ঘটনাটি আমি জানতে পেরে স্থানীয় মেম্বার শেখ আনোয়ার হোসেনকে জানাই। বুধবার আমার মেয়েসহ আরো দুই ছাত্রীকে বখাটেরা উত্যক্ত করতে থাকলে আমার স্ত্রী তাসলীমা এর প্রতিবাদ করলে তাকেসহ আমার মেয়েকে বখাটেরা মারধর করে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
