‘র‌্যাবের নির্যাতনেই আমার স্বামীর মৃত্যু হয়েছে’

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ২১:৩৪
 
র‌্যাবের নির্যাতনেই স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা।
 
শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
 
শম্পা বলেন, ‘তার হার্টের কোনো রোগ ছিল না। তাকে আটকের পর রিমান্ডে নিয়েছে। রিমান্ড শেষে কারাগারে পাঠিয়ে দেয় র‌্যাব। এরপর আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়। সেখানে তাকে নির্যাতন করা হলে তার মৃত্যু হয়।’
 
তিনি আরে বলেন, ‘আমার স্বামী দোষ করলে তার জন্য আইন আছে, আদালত আছে। আদালত তার স্বামীকে শাস্তি দেবে। তার স্বামীকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা সঠিক নয়। অফিসের লোকজনই তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে।’
 
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিত্সাধীন অবস্থায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ওমর সিরাজের মৃত্যু হয়। এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় ওমর সিরাজ র‌্যাবের দ্বিতীয় দফার দুই দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হলে র‌্যাব তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করে।
 
এ দিকে, সিরাজকে নির্যাতনের হত্যার অভিযোগ অস্বীকার করেছে র‌্যাব। র‌্যাব-৪-এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মুজাহিদ জানান, ওমর সিরাজের স্ত্রী আবেগতাড়িত হয়ে এসব কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই। আমরা আগেই বলেছি, এখনো বলছি- ওমর সিরাজ চিকিত্সাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।