মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলন

স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে প্রতিনিধি দল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৮:১৯
 
মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে একটি প্রতিনিধিদল। এছাড়া আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শাহবাগের মোড়ে অবস্থান করছেন।
 
পূর্বঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
 
বেলা আড়াইটার দিকে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন।
 
গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই প্রশ্নফাঁসের অভিযোগে তুলে পুনঃভর্তি ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।