রাজধানীর মুগদায় ‘টোকাইঘর’ সংগঠনের নেতা রিয়াদ শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মুগদা থানার মান্ডা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিয়াদ পিরোজপুর সদর থানা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
জানা গেছে, নিহত রিয়াদ ঢাকার টোকাইঘর বহুমুখী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। টোকাইঘর বহুমুখী সমবায় সমিতির সদস্য মো. সবুজ জানান—১৫ দিন আগে ঝগড়ার কারণে তার স্ত্রী সনিয়া বাসা থেকে চলে যান। বিষয়টি নিয়ে রিয়াদ চিন্তিত ছিলেন। এরপর রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মুগদা থানা পুলিশ জানায়, রিয়াদ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিতে গিয়ে রশি ছিঁড়ে পরে গিয়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
