বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। কাউকে না খেয়ে মরতে হয় না। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। এখন সেই সার কৃষকের পেছনে ঘোরে। তিনি আজ রবিববার জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন।
৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে পুনট থেকে মোসলেমগঞ্জ পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের সমাপ্তি ও ’মরহুম মাহফুজার রহমান মন্টু’ নামে নামকরন উপলক্ষে পুনট ইউনিয়নের শান্তিনগর হাইস্কুল মাঠে ওই জনসভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, উন্নয়ন পছন্দ নয় এজন্য জামায়াত-বিএনপি জোট দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা অব্যাহত রেখেছে। বিদেশী নাগরিককে হত্যা করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন এতেও সফলতা আসবে না।
এর আগে জয়পুরহাট সরকারি কলেজে ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৭৯১ টাকা ব্যয় সাপেক্ষে ১শ শয্যা বিশিষ্ট ৪ তলা ছাত্রী হোস্টেল ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থপান করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
