ইউরোপে ফোকসভাগনের ৮০ লাখ গাড়িতে 'চিট সফটওয়্যার'

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ২০:৫১
 
দূষণ পরীক্ষায় পার পাওয়ার জন্য বিশেষ সফটওয়্যারসহ প্রায় ৮০ লাখ গাড়ি ইউরোপের বাজারে বিক্রি করেছে ফোকসভাগন। বার্তা সংস্থা রয়টার্স জার্মান আইনজীবীদের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে এ খবরটি জানিয়েছে।
 
২ অক্টোবরের চিঠিটিতে জার্মান সরকারের সাবেক মুখপাত্র ও ফোকসভাগনের প্রধান লবিস্ট টমাস স্টেগের স্বাক্ষর রয়েছে। জার্মান কোম্পানিটির ইএ ১৮৯ মডেল ১.২, ১.৬ ও ২.০ লিটার ইঞ্জিনের গাড়িগুলোতে এই সমস্যাটি রয়েছে।
 
এর আগে জার্মানির সরকারি আইনজীবীরা ফোকসভাগনের সাবেক প্রধান মার্টিন ইউন্টারকর্নের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেন। তদন্তে 'গাড়ি বিক্রিতে দূষণ সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নেয়া'কে মূল লক্ষ্য করা হয়।
 
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ কয়েকটি মডেলের গাড়িগুলোতে এমন একটি সফটওয়্যার দেওয়া হয়েছে যা দূষণ পরীক্ষার সময় স্বয়ংক্রিয়ভাবে 'এমিশন কন্ট্রোল সিস্টেম' চালু করে দেয়। তবে অন্য সময় এই সিস্টেম বন্ধ থাকে যার ফলে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ ৪০ গুণ বেশি হয়।
 
 
এমিশন কন্ট্রোলের ফিচারটি ইঞ্জিনের ক্ষমতা খানিকটা কমিয়ে দেয়। ইঞ্জিনের শক্তি না কমানোর জন্যই মূলত ফোকসভাগন গাড়িগুলোতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।