তাভেল্লার খুনীদের ৮ দিনেও শনাক্ত করা যায়নি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ০৩:১০

আট দিনেও ইতালিয় নাগরিক তাভেল্লা চেজার খুনের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের সঙ্গে এ খুনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট একজন।

 
তিনি বলেন, আমরা বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। মোবাইল ফোনের কললিষ্ট যাচাই-বাছাই, ভিডিও ফুটেজ থেকে ছবি নিয়ে মাঠে অভিযান চালানো এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে সম্ভাব্য খুনিদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া সিআইডি’র ক্রাইমসিন বিভাগ থেকে ব্যালাষ্টিক রিপোর্ট হাতে পেলে হত্যায় ব্যবহূত আগ্নেয়াস্ত্র সম্পর্কে একটি প্রকৃত ধারণা পাওয়া যাবে। সব মিলিয়ে এখন পর্যন্ত হত্যার ঘটনায় প্রকৃত খুনীদের শনাক্ত করা যায়নি।
 
অন্যদিকে, একটি গোয়েন্দা সংস্থা গুলশানসহ ঢাকার অভিজাত এলাকার ভাড়াটিয়া কিলার গ্রুপের একটি তালিকা করেছে। ওই তালিকা অনুযায়ি এ পর্যন্ত ৩০ জনকে আটক করে একটি বাহিনীর সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই গোয়েন্দা সংস্থা ধারণা করছে, কিলার গ্রুপের সঙ্গে কোন একটি শক্তিশালী মহলের যোগাযোগ ছিল। ওই শক্তিশালী মহলের সঙ্গে আবার একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে। ওই রাজনৈতিক দলের সঙ্গে একটি সংস্থার যোগাযোগ ঘটেছিল বলেও তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাটি।
 
সূত্র জানায়, সরকারকে বেকাদায় ফেলতে অন্তত কোটি টাকায় ওই ভাড়াটিয়া কিলার গ্রুপকে হত্যা মিশনে অংশ নিতে প্রলোভিত করা হয়। মোটা অংকের টাকা বিনিময়ের তথ্য এখন একটি গোয়েন্দা সংস্থার হাতে। গুলশানে যে কোন একজন মার্কিন নাগরিককে হত্যার জন্য কোটি টাকার হাত বদল হয়। কিন্তু কিলার গ্রুপ ইতালিয় নাগরিক তাভেল্লা চেজারকে মার্কিন নাগরিক মনে করে হত্যা করে। ঘটনার পর একটি সংস্থার তথাকথিত সোর্স পুলিশ ও সাংবাদিকদের কাছে জানায় যে গুলশানের ৯০ নম্বর সড়কে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। 
 

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাভেল্লা চেজার (৫০)। ৪ অক্টোবর রংপুরের কাউনিয়ার আলুটারি এলাকায় জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।