সুনামগঞ্জে সাংবাদিক মারধর করায় এক মাসের কারাদণ্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৮:৫১
 
সুনামগঞ্জে সময় টিভি ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিঠুকে মারধর করার ঘটনায় আটক দুই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাহসিনা বেগম এই দণ্ড দেন। সদর থানার এস আই হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এ বিষয়ে হামলার শিকার সাংবাদিক মিঠু জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বাজার থেকে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় শহরের চেম্বার ভবনের সামনে দুই মাতাল তার গতিরোধ করে এলোপাথাড়ি হামলা চালায়। খবর পেয়ে সহকর্মীরা এসে মিঠুকে উদ্ধার করেন।
 
বিষয়টি তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর থানায় জানালে পুলিশ ওই দুই মাতাল যুবককে আটক করে। হামলার ঘটনায় জেলার সাংবাদিক সমাজ নিন্দা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।