নেত্রকোনায় সাপ্তাহিক অপরাধ জগতের জেলা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান তুহিনের (৩৮) খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পিতিবার দুপুরে ময়মনসিংহ শহর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আটপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে রহমত (২৫) এবং একই গ্রামের সোনাফর মিয়ার ছেলে বাবুল মিয়া (২৫)। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বৃহস্পৃতিবার ভোরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুশফিকুর রহমান তুহিন খুন হন। তিনি উপজেলার কুতুবপুর গ্রামের ফজলুল করিমের ছেলে এবং সাপ্তাহিক অপরাধ জগতের প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তুহিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, তুহিন আটপাড়া উপজেলার হাসকুরি নামে একটি বিলের ইজারাদার ছিলেন। এই বিল নিয়ে কতিপয় ব্যাক্তির সাথে তুহিনের বিরোধ ছিল। এলাকাবাসীর ধারণা, ঐ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক জানান, বিলের ইজারা নিয়ে বিরোধের জের হিসাবে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
