n আবুল কাসেম ভূঁইয়া
অবিকল আপেলের মতো দেখাতে সুস্বাদু এবং খুবই মিষ্টি কাশ্মিরি আপেল কুল এখন আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে। কাশ্মিরি আপেল কুল বাওকুলের মতো। পার্থক্য শুধু আকার এবং রঙে। এই কুল গাছের মধ্যে দেখলে মনে হবে গাছে আপেল ঝুলে আছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, এই নতুন জাতের কুল আমাদের দেশে অতি সমপ্রতি এসেছে। দেশের বিভিন্ন স্থানে এই কুল চাষ হচ্ছে। দেশের গাজীপুর, ঝিনাইদহ, যশোরসহ বিভিন্ন স্থানে এই কুলের চাষ হচ্ছে। প্রচলিত কুলের চেয়ে এই কাশ্মিরি আপেল কুল চাষে বেশি লাভ হওয়ার কারণে কৃষকদের মাঝে এই কুল চাষের ব্যাপারে ব্যাপক সাড়া জাগিয়েছে। চারা রোপণের এক বছরের মধ্যে গাছে ফলন আসে। এই কুল গাছ দ্রুত বাড়ে এবং ফল আসে প্রচুর। যশোরের একজন কুল চাষি ৪ বিঘা জমিতে ৬শত কাশ্মিরি কুল গাছ লাগিয়ে ৩৬ হাজার কেজি কুল উত্পাদনে সক্ষম হয়েছে। প্রতিটি কুল গাছে ৬০ কেজি করে ফলন এসেছে। এই কুল বাজারে ১০০ টাকা দামে বিক্রি করে প্রায় ৩৬ লাখ টাকা আয় করতে সক্ষম হয়েছে। ৪ বিঘা জমিতে এর চাষ করতে খরচ হয়েছে ২ লাখ টাকা। অল্প পুিঁজ বিনিয়োগ করে প্রচুর লাভের সম্ভাবনা থাকায় কুল চাষিরা কাশ্মিরি কুল চাষের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। কৃষকরা জানান, এই কুল চাষ করতে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। তবে এর চাষ তেমন জটিল নয়। অল্প পুঁজি বিনিয়োগ করে বেশি লাভ হওয়ার কারণে চাষিরা এই কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। যশোরের বেশ কিছু চাষি এই কুল চাষ করে উন্নতি করেছেন। বাংলাদেশে এই কুল উত্পাদনের জন্য আবহাওয়া এবং মাটি খুবই উপযোগী।
