পূর্বধলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২০

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলায় গতকাল  শুক্রবার সকালে ও দুপুরে দুই দফায় উপজেলার হিরনপুর বাজারে উপজেলা আওয়ামী লীগ ও  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের সমর্থক জলিল খান, টিটু খান, জনি খান, রিপন ফকির, ফারুক ফকির, লুত্ফুর খান, খোকন খান, দেলোয়ার খান ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের সমর্থক মজিবুর রহমান, লাক মিয়া, মোঃ আঃ লতিফ, মোঃ ফারুক মিয়া, সুমন মিয়া, কাসেম মিয়া, রতন মিয়া, আঃ রশিদ বেপারী। এ সময় বাজারে নৌকার নির্বাচনী অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার টেবিলসহ বাজারের আ. রশিদ ফকির, শ্যামল মিয়া, রিপন ফকিরের দোকানসহ চারটি দোকান ভাঙচুর করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরের দিকে পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে  স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের সমর্থকরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এরই জের ধরে লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন জানান, স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদার এই ধরনের নেক্কারজনক কাজ করছে । তিনি এর তীব্র নিন্দা জানান। তবে স্বতন্ত্র প্রার্থীর ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।