হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের সাত উপজেলায় আগামী ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জেলার হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী গাজী মোঃ মাঈনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী গোলাম ফারুক মুরাদ। একক প্রার্থী হওয়ায় তারা জয়ী হতে যাচ্ছেন। ফলে আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে এ দুটি পদে নির্বাচন হচ্ছে না।
বৃহস্পতিবার পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ আমজাদ হোসেন মিরণ মুন্সী। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান, মোঃ ফখরুজ্জামান ও জাহাঙ্গীর আলম ফরাজী প্রার্থীতা প্রত্যাহার করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল আহম্মেদ খাঁন ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাশেম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম, মির্জা শিউলি পারভীন, শিউলি আক্তার, মুক্তা আক্তার ও খাদিজা বকাউল।
