আদমদীঘিতে ধারের টাকা পরিশোধ না করায় ছুরিকাঘাত

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২১

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

মাত্র ৬ শত টাকা ধার পরিশোধ করতে না পারায় বগুড়ার আদমদীঘির সান্দিড়া গ্রামে পতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সালাম।

জানা যায়, আদমদীঘির সান্দিড়া গ্রামের  আক্কেল আলীর ছেলে আকরাম হোসেনের নিকট থেকে একই গ্রামের সালাম ৬ মাস পূর্বে ৬শ টাকা ধার করেন। অভাবের কারণে উক্ত ধারের  টাকা পরিশোধ করতে পারেননি তিনি সময়মত।

গত বৃহস্পতিবার আকরাম মোবাইল ফোনে সালামের নিকট ধারের টাকা চাইলে সালাম কিছু সময় চায়। আকরাম কোনো সময় না দিয়ে সালামের ছেলেকে হত্যার উদ্যেশে ছুরি দিয়ে কোপ মারার চেষ্টা করলে বাদি দৌড়ে এসে আটকায়। এ ঘটনায় স্থানীয়রা একটি সালিশের মাধ্যমে মীমাংসা করার কথা বলে। সেইমতে বৃহস্পতিবার রাত ৮টায়  সান্দিড়া ব্যাপারীপাড়া ক্লাব ঘরের পার্শ্বে রাস্তার উপর সালামসহ লোকজন অপেক্ষা করছিল। এসময় পতিপক্ষ আকরামসহ কয়েকজন ব্যক্তি ধারালো ছুরি দ্বারা এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সালাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ ও পরে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেয়। এ ঘটনায় তার চাচাতো ভাই মবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।