কেজরিওয়ালের আমন্ত্রণে দিল্লিতে হবে গুলাম আলির কনসার্ট

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ২২:০৫
 
বিখ্যাত গজল গায়ক গুলাম আলি ভারতের রাজধানী দিল্লিতে একটি অনুষ্ঠানে গাইতে সম্মত হয়েছেন। এর আগে মুম্বাইয়ে কট্টর হিন্দুত্ববাদী দল শিব সেনার হুমকির মুখে এই পাকিস্তানি শিল্পীর কনসার্ট বাতিল করা হয়েছিল। 
 
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণে আগামী ডিসেম্বরে দিল্লিতে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী টুইটারে একথা নিশ্চিত করেছেন। শিব সেনার বাধার পর ভারতের বিভিন্ন স্থান থেকে গান গাওয়ার আমন্ত্রণ পাচ্ছিলেন গুলাম আলি। গত শুক্রবার মুম্বাইতে কনসার্টটি হওয়ার কথা ছিল।
 
কাশ্মির পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত পাকিস্তানের কোন শিল্পীকে ভারতে অনুষ্ঠান না করতে দেয়ার ঘোষণ দিয়েছে শিব সেনা। দলটির দাবি, পাকিস্তানিরা ভারতীয় সেনাদের সীমান্তে হত্যা করেছে তাই তাদের সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করা উচিৎ নয়।
 
২০০৩ সাল থেকে দেশ ভারত ও পাকিস্তান সীমান্তে অস্ত্রবিরতি চলছে। তবে দুটি দেশই নিয়মিতভাবে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। সূত্র: বিবিসি