ওয়েলিংটন টেস্ট

বৃষ্টিতে পণ্ড প্রথম দিন

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২৩

রাত থেকেই অঝোরে বৃষ্টি ছিল। সকাল বেলায় মাঠে না এসেই খেলোয়াড়রা অনুমান করতে পেরেছিলেন, এমন দিনে আর খেলা হবে না। কোচ স্টিভ রোডস আর ম্যানেজার খালেদ মাসুদ পাইলট এলেন শুধু মাঠে। শুরুতে কয়েক দফা টস পেছানো হলো। মাঠ পরীক্ষায় নেমেছিলেন আম্পায়াররা।

শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা ৩টায় জানিয়ে দেওয়া হলো, ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। আজ বৃষ্টি না থাকলে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা আগে শুরু হবে খেলা।

ঝড়ো বাতাসের জন্যই খ্যাত ওয়েলিংটন। সেখানে যোগ হলো বৃষ্টি। কোচ রোডসের কথা কানেই পৌঁছালো না বাতাসের শো শো শব্দে। ওই শব্দ জয় করেও ম্লান হেসে বললেন, ছেলেরা এই বৃষ্টির দিনটা বিশ্রাম পেয়ে আরেকটু তরতাজা হয়ে উঠবে বলে আশা করেন তিনি। তবে বৃষ্টি কোচকে শঙ্কায় ফেলেছে। এই ভেজা উইকেট সহজে শুকাবে না বলেই মনে করছেন তিনি। ফলে আজ খেলা শুরু হলে টস ভয়ানক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন কোচ।

এই বিশ্রামের দিনটা সবচেয়ে বেশি কাজে লাগার কথা তামিম ইকবালের। এই টেস্টে তার খেলা নিয়ে গতকাল সকাল অবধিও একটা দোলাচল ছিল। তবে একটা দিন বিশ্রাম পেয়ে তামিম যে খেলার মতো সুস্থ হয়ে উঠবেন, সেটা কোচও শিকার করে নিলেন। বললেন, ‘হ্যাঁ। তামিম এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে।’ তবে বৃষ্টির উপকারিতা টের পাচ্ছেন তিনি সব খেলোয়াড়ের কথা ভেবেই। তিনি বলছিলেন, ‘এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, অনেক বাতাস এবং অনেক বৃষ্টি। আশা করি ছেলেরা আরেকটু বিশ্রাম পেয়ে আরো তরতাজা হয়ে উঠবে।’

তবে বৃষ্টি কোচের কপালে ভাজও ফেলেছে। বলছিলেন, বৃষ্টির কারণে টসটা হয়ে উঠবে খুব গুরুত্বপর্ণ। রোডস বলছিলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা (বৃষ্টি) টসকে আরো গুরুত্বপূর্ণ করে ফেললো। আজকের বৃষ্টির ফলে এখানে একটু হলেও আর্দ্রতা তৈরি হবে। আগামীকাল সকালের শুরুর দিকে এটা বেশ ভালো ভূমিকা রাখবে। এতো দ্রুত উইকেট শুকাবে না। ফলে টসটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো।’