হাসপাতাল থেকে পালালো আসামি

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৪:৩৫
 
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক আসামি পালিয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে তিনি পালিয়ে যান। এই ঘটনায় কর্তব্যরত তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
আসামি সামাদ রব্বানী (২৬) নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তাঁর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।
 
কারাসূত্র জানিয়েছে, গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় রব্বানীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চতুর্থ তলার ৪নম্বর ওয়ার্ডে কারারক্ষীদের হেফাজতে চিকিত্সাধীন ছিলেন। গতকাল রাতে রব্বানী  বাথরুমে যান। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে আসছিলেন না। পরে কারারক্ষীরা দরজা ঠেলে দেখেন বাথরুমের ভেনটিলেটর ভাঙা।
 
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া জানান, এই ঘটনায় কর্তব্যরত তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।