চাটমোহরে নদীতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৮:২৫
পাবনার চাটমোহর উপজেলায় নদীতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এরা হলো, নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের আফসার আলীর মেয়ে যুথী খাতুন (৭) ও আনসার আলীর মেয়ে সুরাইয়া খাতুন (৭)।
 
রবিবার দুপুরে উপজেলার গুমানী নদীর (কাটা গাং) চিনাভাতকুর এলাকায় এ ঘটনা ঘটে। দুইজনই চিনাভাতকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
 
নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান খোকন ও এলাকাবাসী জানায়, দুপুর দুইটার দিকে যুথী ও সুরাইয়া বাড়ির পাশে গুমানী নদীর কাটা গাং এ গোসল করতে যায়। এ সময় তারা পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষণা করেন।