কুমিল্লায় ট্রিপল মার্ডার: ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ২১:৩৪
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ডাকাতিকালে সংঘটিত ট্রিপল মার্ডার মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা  জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উটখারা (এলাহাবাদ) গ্রামের নোয়াব মিয়া, হারসার গ্রামের মোখলেছুর রহমান, খোরশেদ আলম ও অহিদুর রহমান। এদের মধ্যে নোয়াব মিয়া ও খোরশেদ আলম পলাতক রয়েছেন।
 
রবিবার জেলার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. নবাবুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার হারসার গ্রামের দুলাল চন্দ্র দাসের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় চিনে ফেলায় ডাকাতরা দুলাল চন্দ্র দাস, তার মেয়ে আঁখি রাণী দাস ও মা চারুবালা দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহত চারুবালার চাচাতো ভাই উষা রঞ্জন পালের ছেলে সুনীল চন্দ্র পাল বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের আসামি করে মামলা করেন। এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ১১ জুন দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।