বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খান হত্যাকান্ডের ছয় দিন পার হলেও পুলিশ কোনো খুনিকে গ্রেফতার তো দূরের কথা চিহ্নিতও করতে পারেনি কাউকে। ‘উগ্রপন্থীরা’ তাকে খুন করতে পারে—সেই ধারনাতেই ঘুরপাক খাচ্ছে পুলিশের তদন্ত।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়—খিজির খান হত্যাকাণ্ডের এখনও সুনির্দিষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি যেহেতু পীর হিসেবে পরিচিত ছিলেন সেজন্য তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন বিরোধী উগ্রপন্থীরাই তাকে খুন করতে পারে।
শুরুতে পারিবারিক ঝামেলা ও সম্পত্তিগত দ্বন্দ্বসহ পূর্বশত্রুতার গন্ধ খুঁজলেও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্তের আওতা ছোট করে ‘উগ্রপন্থীদের’ দিকেই নজরদারি করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘খিজির খান হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো ক্লু নির্ধারণ করা যায়নি। তবে সম্ভাব্য কিছু বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। এখনো কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।’
