কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
সোমবার ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী নানকরা এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও মালামাল জব্দ করা হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কুমিল্লাস্থ ১০ বিজিবির অধীন চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তের জগন্নাথদীঘি বিওপির নায়েক মো. শামছুল হকের নেতৃত্বে ওই উপজেলার নানকরা নামক এলাকায় সোমবার ভোর রাতে অভিযান চালানো হয়। এসময় বিজিবি ৫৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া একই সময়ে সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় মদ, চার বোতল বিয়ার, ৩৫ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ ভারতীয় অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার ৮৬০ টাকা। সোমবার দুপুরে মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
