চকরিয়ায় পর্যটকবাহী বাস পুকুরে, নিহত ১

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ২০:৩০
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পর্যটকবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই বাসের ২০ পর্যটক। তাদের মধ্যে ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আশংকাজনক অবস্থায় ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া ঢালার অদূরে মৎস্য প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তপন চন্দ্র সরকার (৫২) বগুড়া সদর উপজেলার জয়পুরা এলাকার কালিপদ চন্দ্র সরকারের ছেলে । পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।
 
আহতরা হলেন, বগুড়ার কাহালো উপজেলার বাসিন্দা নাছির উদ্দিন মোল্লার ছেলে মো. তানসেন (২৫), আবদুল খালেক মোল্লার ছেলে নাছির মোল্লা (৫৪), মোজাম্মেল হকের ছেলে খোকন (২২), ওসমান গণীর ছেলে আইয়ুব (৩৪), তৈয়ব মোল্লার ছেলে মো. রমজান মোল্লা (৫০), জব্বর আলীর ছেলে হাবিবুর রহমান (২৬), আশরাফ আলীর ছেলে সাইদী (৩৫), রকিম উদ্দিনের ছেলে নাজেম উদ্দিন (৫৫), সম্রাটের স্ত্রী বৃষ্টি আক্তার (২২), মাজেদ আলী মন্ডলের ছেলে আবদুল করিম (৩৩), আবুল খায়েরের ছেলে মো. ফিরোজ (২৪), ছৈয়দ নুরের স্ত্রী শ্যামলী আক্তার (৪৩), আবু যাদের মোল্লার ছেলে আবদুল কাদের (৩৩), ছৈয়দ নুরের ছেলে মো. স্রমাট (২৮) ও মেয়ে সাদিয়া (৮), সোলাইমানের ছেলে মো. সৈয়দ নুর (৪৮)। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.আবদুস সালাম জানান, আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের দ্বিতীয় কর্মকর্তা আবদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা দমকল বাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।