যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় মুসলিমদের বিরুদ্ধে ‘ক্রুসেড যুদ্ধ’ করায় দেশ দুইটির বিরুদ্ধে সমর্থকদের প্রতি জিহাদের আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার এক অডিওবার্তায় আইএসের মুখপাত্র আবু মুহাম্মাদ আল-আদনানি এই জিহাদের ডাক দেন।
এক অডিওবার্তায় আবু মুহাম্মাদ আল-আদনানি বলেন, মুসলিম তরুণরা যে যেখানে আছো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিহাদের জন্য এসো। কেননা এটি মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেডারদের যুদ্ধ।
অডিও বার্তাটির মাধ্যমে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দেয়া না হলেও পশ্চিমা বিশ্বে সন্ত্রাসী হামলার আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে।
আইএস আগের চেয়ে আরো বেশি ‘শক্তিশালী’ হয়েছে এমন দাবি করে আদনানি বলেছেন, রাশিয়া পরাজিত হবে। আর যুক্তরাষ্ট্র শয়তানের সাথে জোট বাধার চেষ্টা করছে। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ‘ক্রুসেডারদের’ বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সিরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত নুসরা ফ্রন্ট রাশিয়ার বিরুদ্ধে হামলার আহ্বান জানানোর একদিন পরই আইএস বার্তা পাঠাল।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় নুসরা ফ্রন্ট ও আইএসসহ অন্যান্য জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ করে বিমান হামলা শুরু করেছে। এতে অন্তত আইএসের ৮৬ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সূত্র: আরটি নিউজ।
