উত্তরায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ২৩:৫৩
রাজধানীর উত্তরায় একটি ফ্লাটের ভিতর থেকে জেসমিন আক্তার (২১) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহকর্মী বাগেরহাট জেলার চিতলমারী থানা সদরের বাসিন্দা ঠান্ডা খন্দকারের মেয়ে।
উত্তরা ১৪ নং সেক্টরের ১৯ নং রোডের ৭০ নং বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বুধবার সন্ধায় ওই গৃহপরিচারিকার লাশ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। জেসমিন আক্তারের মৃতদেহ গলায় রশি লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল।
ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া কানাডা প্রবাসী আহমদ হাসান আকবর বলেন, বাসায় আমার স্ত্রী থাকেন। দুই মাস যাবৎ আড়াই হাজার টাকা বেতন জেসমিন আমার বাসায় কাজ করছিলেন। সকাল ১১ টার সময় স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর বিকেলে সিকিউরিটি গার্ড মিন্টু ফোন করে জানান আমার রুমের ভিতর কাজের মেয়ের লাশ ঝুলছে। সিকিউরিটি গার্ডের বক্তব্য অনুযায়ী, বাড়ির মালিক নামাজে যাওয়ার সময় দেখতে পান আমার ফ্লাটের দরজা খোলা ও রুমের ভিতরে কাজের মেয়ের লাশটি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরবর্তীতে বাসায় এসে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তিনি জেসমিনের মৃত্যুর কারণ জানাতে পারেন নি।
ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পশ্চিম থানার এসআই (উপ-পরিদর্শক) সাহিনুর জানান,  লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
তিনি জানান, আত্নহত্যার কারণ এখনো জানা যায় নি।