ছয়মাস পর মিয়ানমারের জঙ্গল থেকে পাচারের হওয়া সুমন (১৬) নামের এক কিশোর বাড়িতে ফিরলেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের মাধ্যমে সদর উপজেলার বড় বলদিয়া গ্রামের সুমনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
ফিরে আসা কিশোর সুমন জানায়, পার্শ্ববর্তী ডিহি কেষ্টপুর গ্রামের দালাল মাসুদ মোল্লা মালয়েশিয়ার পাইপ কারখানায় চাকরি দেয়ার নাম করে নৌপথে তাকে মিয়ানমারে পাঠায়। ৬ মাস সাগরে ও জঙ্গলে দুঃখ-দুর্ভোগ পোহাতে হয় তাকে। সাগরে একমুঠো ভাত ও ৫০ গ্রাম পানি আর নদী-জঙ্গলের কাঁকড়া খেয়ে বেঁচে থাকে তিনি। পরে মিয়ানমার নৌবাহিনীর হাতে ধরা পড়ার পর দেশে ফেরত আসেন।
চাচা সাজ্জাত হোসেন জানান, সুমনকে জঙ্গলে আটকে রেখে তাদের থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা আদায় করে দালাল চক্র। দালাল মাসুদ মোল্লার বিরুদ্ধে তার অবিভাবকরা আদালতে মামলা করবেন।
রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, ভিকটিমের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হবে।
