২০১৬ সালের পরও আফগানিস্তানে থাকবে মার্কিন বাহিনী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ২১:৪৫
 
আফগানিস্তানে ২০১৬ সালের পরও মার্কিন বাহিনী মোতায়েন থাকবে। সেনা উপস্থিতি নিয়ে বিস্তারিত পরিকল্পনা নিবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ধারণা করা হচ্ছে, দেশটিতে সাড়ে পাঁচ হাজার সেনা রেখেই ২০১৭ সালে হোয়াইট হাউজ ছাড়বেন ওবামা।
 
রাজধানী কাবুল, বাগরাম, জালালাবাদ ও কান্দাহারে এই সেনারা মোতায়েন থাকবে।
 
এর আগে কথা ছিল , কাবুলে মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে কিছু সেনা রেখে দিয়ে আগামী বছরের মধ্যেই আফগানিস্তান ছাড়বে যুক্তরাষ্ট্র বাহিনী। তবে তারা জানায়, আফগান বাহিনীকে তালেবান হুমকি মোকাবেলা করতে সহায়তা করার জন্য আরো বেশি সেনা প্রয়োজন হবে।
 
বর্তমানে ৯,৮০০ জন মার্কিন সেনা আফগানিস্তানে রয়েছেন। গত সপ্তাহে দেশটিতে মার্কিন কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল জানিয়েছিলেন, ২০১৬ সালের পরও দেশটিতে সেনা উপস্থিতি নিয়ে সরকারের বিবেচনা করা উচিৎ।
 
ফলে রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনতে পারছেন না ওবামা এটা এখন অনেকটাই নিশ্চিত। সূত্র: বিবিসি