বুড়িগঙ্গায় নৌকাডুবি

ভাইয়ের দু’পা বিচ্ছিন্ন বোনের লাশ উদ্ধার নিখোঁজ ৫

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:৫৪

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে জামশিদা (২০) নামে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চরকালিগঞ্জ তৈলঘাট এলাকার সামনে নদী থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। জামশিদা শাহজালালের বোন। এসময় লঞ্চের পাখার আঘাতে শাহজালালের দু’পা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখনো শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (২৮), মেয়ে মিম (৮), মাহী ( ৬),  তিন মাস বয়সের ছেলে জুনায়েদ ও জামশিদার জামাই দেলোয়ার (৩৫) নিখোঁজ রয়েছেন। 

গত বৃহস্পতিবার রাতে এই পরিবারটি একটি নৌকায় করে বুড়িগঙ্গা পার হচ্ছিলেন। তাদের নৌকাটি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে বরিশালগামী লঞ্চ ‘সুরভী ৭’ পিছনের দিকে চলতে শুরু করে। এতে লঞ্চটির ধাক্কায় নৌকাটি ডুবে যায় এবং নারী-শিশুসহ শাহজালালের পরিবারের ৬ জন ডুবে নিখোঁজ হন।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, ফরিদপুরে এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের। নৌকাটি লঞ্চের পাখার আঘাতে মুহূর্তেই ডুবে যায়। দুর্ঘটনার পর পর অন্যান্য নৌকার মাঝিরা আহত অবস্থায় শাহজালালকে উদ্ধার করে প্রথমে মিটর্ফোড হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। তবে বাকিদের  খোঁজ মিলেনি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ বাহিনীকে খবর দেওয়া হলে তারা যৌথ অভিযান শুরু করে। কিন্তু রাতভর কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ পরিবারের অন্য ছয় সদস্যকে উদ্ধার করতে পারেনি। তবে গতকাল দুপুরের দিকে বুড়িগঙ্গার তেলঘাট ও রহমান সাহেবের ডকের মধ্যবর্তী এলাকা থেকে জামশিদার লাশ উদ্ধার করেন ডুবুরিরা। বিকাল ৫টার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। নিখোঁজদের সন্ধানে আজ শনিবার সকাল ৯টা থেকে ফের উদ্ধার তত্পরতা চলবে বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত শাহজালাল পেশায় একজন দর্জি। ঢাকার কামরাঙ্গির চরে সপরিবারে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর সখিপুরে। তিনি বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে শরিয়তপুরে যাচ্ছিলেন। আর যাত্রাপথে সদরঘাট লঞ্চ র্টামিনালে যেতেই ঐ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম গতকাল সকাল ১১ টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, অভিযুক্ত সুরভী-৭ এর বিরুদ্ধে মামলাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। এরপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার মধ্যরাতে ডুবে যাওয়া নৌকাটির নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার তত্পরতা চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। অত্যাধুনিক সাইড স্ক্যান সোনার এর মাধ্যমে নৌকাটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে ডুবুরি দল। দুইজন কর্মকর্তাসহ নৌবাহিনীর ৯ সদস্যের ডুবুরি দল উদ্ধার তত্পরতা পরিচালনা করছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১জন আহত অবস্থায় এবং ১ জন নারীর লাশ উদ্ধার হয়েছে।