হেফাজতের বিক্ষোভ সমাবেশ

মেননের সংসদ সদস্য পদ বাতিল ও গ্রেফতার চাইলেন বাবুনগরী

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:৫৭

ইত্তেফাক রিপোর্ট

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল করে তাকে গ্রেফতার ও  কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি করেছে হেফাজতে ইসলাম। এই দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে তারা। এর আগে এক সমাবেশে হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘কাদিয়ানীরা কাফের, তাদের যারা কাফের মনে করে না তারাও কাফের। কওমি মাদ্রাসা, হেফাজতে ইসলাম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যারা ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে, তারাও তাদের দলের অন্তর্ভুক্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা তার বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করছি।’

বাবুনগরী আরও বলেন, ‘যদি রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল না করা হয়, তবে আলেমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। আহমদিয়া মুসলিম জামাতকে কাফের বলতে হবে। রাশেদ খান মেনন আহমদিয়াদের কাফের মনে করেন নাই। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। অবিলম্বে আহমদিয়া সমপ্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর হাফেজ শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম জেহাদী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল রব ইউসুফী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবুল হাসানাত আমিনী,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম,  মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।