বুলগেরিয়ার সীমান্তরক্ষীদের গুলিতে এক শরণার্থীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিটি আফগানিস্তানের নাগরিক। তবে শরণার্থীর ওপর গুলি চালানোকে 'দুর্ঘটনা' হিসেবে বর্ণনা করেছেন দেশটির কর্মকর্তারা।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জর্জ কসতভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 'বৃহস্পতিবার রাতে তুরস্ক সীমান্ত পেরিয়ে প্রায় ৫০ জনের একটি দল বুলগেরিয়ায় ঢুকে পড়ে। টহল পুলিশের তিনজন কর্মকর্তা তাদের ঢুকতে বাধা দেয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে।'
ঘটনাস্থলে উপস্থিত একজন কর্মকর্তা জানান, 'শরণার্থীদের প্রবেশে বাধা দিতে বাতাসে গুলি করার সময় কোন কিছুতে ধাক্কা লেগে গুলিটি একজন শরণার্থীকে বিদ্ধ করে। পরে তিনি মারা যান।' এই ঘটনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) দুঃখ প্রকাশ করেছে।
সংস্থাটির মুখপাত্র বরিস চেশিরকভ বুলগেরিয়া কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আশ্রয় প্রার্থনা করা অপরাধ নয় বরং সর্বজনীন মানবাধিকার।
উল্লেখ্য বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হলেও দেশটি শেনজেন চুক্তির বাইরে। ফলে দেশটি থেকে বিনা ভিসায় ইউরোপের অন্যান্য দেশে চলাচল করা যায় না।
