চাঁদপুরের মতলবে দুই নৈশপ্রহরী ও ব্যবসায়ীকে হাত-পা বেঁধে এক স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ১০-১২ জনের একটি ডাকাতদল দোকানের সব গহনা ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে বেলতলী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আলমাস মিয়া জানান, ডাকাতদল বাজারে ঢুকে প্রথমে মো. ছবুর (৬০) নামের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে। টের পেয়ে অপর প্রহরী আ. মতিন ও ব্যবসায়ী জাকির হোসেন (৪০) এগিয়ে আসলে অস্ত্র ঠেকিয়ে তাদেরও হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতদলের সদস্যরা বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মধ্য বাজারে নিমাই ঘোষের স্বর্ণের দোকানে ডাকাতি করে। প্রায় ২০ লাখ টাকার স্বর্ণলঙ্কার নিয়ে গেছে বলে দাবি করেছেন এ ব্যবসায়ী।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে পুলিশ আসার আগেই ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।'
