যুক্তরাষ্ট্রের পুরস্কার গ্রহণ করেছেন রোহিঙ্গা আইনজীবী রাজিয়া

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০০:৩৪

ইত্তেফাক রিপোর্ট

রোহিঙ্গাদের জন্য কাজ করা আইনজীবী রাজিয়া সুলতানাসহ বিভিন্ন দেশের ১০ নারীকে ‘উইমেন অব কারেজ’ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরে আয়োজিত ‘ত্রয়োদশ বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প শান্তি, মানবতা, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্যে সম্মাননাপ্রাপ্ত নারীদের ধন্যবাদ জানান।

সম্মাননা পাওয়া রাজিয়া সুলতানা ২০১৪ সাল থেকে রোহিঙ্গা শিশু, নারী ও বালিকাদের নিয়ে কাজ করছেন। ১৯৭৩ সালে তিনি মিয়ানমারের মংডুতে রোহিঙ্গা পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ছয় মাস, তখন তার পরিবার দেশত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

‘উইমেন অব কারেজ’ সম্মাননা পাওয়া বাকিরা হলেন- মিয়ানমারের নাও কনিয়া পাও, জিবুতির মোমিনা হুসেইন দারার, মিশরের মামা ম্যাগি, জর্ডানের কর্নেল খালিদা খালাফ হান্না আল তাল, আয়ারল্যান্ডের সিস্টার ওরলা ট্রেসি, মন্টেনিগ্রোর ওলিভেরা ল্যাকিচ, পেরুর ফ্লোর ডি মারিয়া ভেগা জাপাতা, শ্রীলঙ্কার মারিনি দি লিভেরা ও তানজানিয়ার আন্না আলোয়স হেঙ্গা।