গোপালগঞ্জে শাবলের আঘাতে জাহাঙ্গীর শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার রাতে তিনি মারা যান।
জমির আইলে গাছ লাগানোর ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল উত্তরপাড়া গ্রামে রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শেখ সুকতাইল উত্তরপাড়া গ্রামের মৃত খলিল উদ্দিন শেখের ছেলে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, রবিবার সকালে একটি জমির আইলে গাছ লাগাচ্ছিলেন এলাকার নাসির শেখ। এ সময় জাহাঙ্গীর শেখ বাধা দিলে দুইজনের মধ্যে বাক বিতণ্ডার এর এক পর্যায়ে নাসির শেখ শাবল দিয়ে জাহাঙ্গীর শেখের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা নেয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছলে জাহাঙ্গীর শেখ মারা যান।
