টেকনাফে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ২২:২০
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় একটি কলোনি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম (২১) পৌরসভার ইসলামাবাদ এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
 
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে পৌরসভার ইসলামাবাদ গ্রামের মো. ছামিউল্লাহ কলোনির ছয় নাম্বার কক্ষ থেকে  লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
নিহতের বাবা মো. হোসেনের অভিযোগ, যৌতুকের দাবিতে রোকেয়াকে হত্যা করা হয়েছে।
 
তিনি বলেন, ‘জসিম উদ্দিন আমার মেয়ের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের জন্য রোকেয়াকে সে প্রতিদিন মারধর করত। জসিম টাকা না পেয়ে আমার মেয়েকে হত্যার পর লাশ ফ্যানে ঝুলিয়ে দিয়েছে।’
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কবির হোসেন জানান, এটি হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।