কোরীয় যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হয়েপড়া স্বজনের সঙ্গে বিরল আবেগঘন সাক্ষাতের জন্য দক্ষিণ কোরিয়ার কয়েক শ নাগরিক মঙ্গলবার উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। এ সব নাগরিকের বেশির ভাগই বয়স্ক। তাদের মধ্যে অনেকেরই নিকটজনের সাথে কখনো দেখা সাক্ষাত্ হয়নি বা ছয় দশকেরও বেশি সময় আগে তাদের সর্বশেষ দেখা হয়েছিল। খবর বিবিসির।
সকালে রেডক্রসের পতাকাবাহী বাসের বহরে এ সব নাগরিককে দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী সকচোর রিসোর্ট থেকে কঠোর নিরাপত্তা-বেষ্টিত সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ায় নেয়া হয়। দক্ষিণ কোরিয়ার বয়স্ক অধিবাসীদের সীমান্ত অতিক্রম করার পর উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে নেয়া হচ্ছে। সেখানে বিকালে তিন দিনব্যাপী পারিবারিক পুনর্মিলন শুরু হওয়ার কথা।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। গত পাঁচ বছরের মধ্যে কেবল দ্বিতীয় বারের মতো এ পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বার পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই কোরিয়ার মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে গত আগস্টে এ দুটি দেশ একটি চুক্তিতে পৌঁছানোর ফলে এ বিরল পুনর্মিলন হতে যাচ্ছে।
