সিরিয়ায় নতুন অভিযানে হাজার হাজার লোকের দেশত্যাগ

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৩:৩১
সিরিয়ায় নতুন করে চালানো সরকারি বাহিনীর অভিযানে হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এদিকে রাশিয়ার বিমান হামলায় এ পর্যন্ত ৩৭০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক।
 
সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা বর্তমানে চতুর্থ সপ্তাহে গড়ালো। এদিকে মস্কো ও ওয়াশিংটন জানায়, তারা সিরিয়ার আকাশে যুদ্ধ বিমানের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। কেননা, সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটও বিমান হামলা চালাচ্ছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এসব লোকের অধিকাংশ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম আলেপ্পো নগরীর দক্ষিণাঞ্চলের। গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা শুরুর পর থেকে সরকারি অনুগত বাহিনী যে পাঁচটি এলাকা লক্ষ্য করে বিমান অভিযান চালায় এসবের মধ্যে আলেপ্পোর এ অঞ্চল ছিল অন্যতম।
 
জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তরের মুখপাত্র ভেনেসা হুগুয়েনিন বলেন,  সরকারি বাহিনী বিমান অভিযানে আলেপ্পো নগরীর দক্ষিণপশ্চিম উপকণ্ঠ থেকে প্রায় ৩৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়ে চলে গেছে বলে জানা যায়। তিনি জানান, শীত অনেক বেড়ে যাওয়ার কারণে সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য সাহায্য ও থাকার ব্যবস্থা করা প্রয়োজন। উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে আড়াই লাখেরও বেশী লোক নিহত হয়েছে এবং লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। বাসস।