মুজিবনগরে ৫ জুয়াড়িকে কারাদণ্ড

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৫:১৯
মুজিবনগরে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দীন এ দণ্ডাদেশ দেন। 
 
দণ্ড প্রাপ্তরা হলেন- শিবপুর গ্রামের নূর ইসলাম (৪৫), আ. রহিম (৪০), ভবানীপুর গ্রামের মাদার আলী (৪৫), আসকার আলী (৫০) ও হাকিজুল (৪৫)। 
 
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ভবানীপুর গ্রামের আব্দুল্লার চায়ের দোকানের পাশে জুয়া খেলা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর ক্যাম্পের এস আই ইয়ামিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।