‘চলতি বছর গ্রিসে পৌঁছেছে ৫ লক্ষাধিক শরণার্থী'

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৮:০২
 
এ বছর সাগরপথে গ্রিসে পৌঁছেছে ৫ লাখেরও বেশি শরণার্থী। তাদের সংখ্যা বেড়েই চলেছে। কেবল সোমবারই পৌঁছেছে ৮ হাজারের বেশি শরণার্থী। জাতিসংঘ এ তথ্য দিয়েছে। রয়টার্স
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র মেলিসা ফ্লেমিং স্থানীয় সময় মঙ্গলবার বলেছেন, ২৭ হাজার ৫০০ মানুষ তুরস্কের কাছে গ্রিক দ্বীপের ট্রানজিটে আছে। অনেকেই উত্তর ইউরোপের সীমান্ত আবার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। যদিও হাঙ্গেরি ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করার পরও ক্রোয়েশিয়া থেকে শরণার্থীরা স্লোভেনিয়ায় যাচ্ছে।
 
এক সংবাদ ব্রিফিংয়ে ফ্লেমিং বলেছেন—সোমবার ৮ হাজার শরণার্থীর আগমনে আমরা নাটকীয় আরেকটি মাইলফলকে পৌঁছে গেছি। সব মিলিয়ে শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৫০০।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের হিসাব মতে—মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এবং এশিয়া থেকে সব মিলিয়ে মোট ৬ লাখ ৪৩ হাজারেরও বেশি শরণার্থী এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছে এবং যাত্রাপথে মারা গেছে অন্তত ৩ হাজার ১৩৫ জন। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলেছে—সিরীয়, ইরাকি এবং ইরিত্রীয়সহ বেশির ভাগ শরণার্থীরই যুদ্ধ এবং দুর্ভোগ থেকে সুরক্ষা প্রয়োজন।