'ইলিশ রফতানি বাড়াতে কারেন্ট জাল ধ্বংস করা হবে'

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ২০:৩৪
 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, সরকার স্থানীয় চাহিদা মেটানোর পর সারা বিশ্বে ইলিশ রফতানি করতে উৎপাদন বৃদ্ধি করার জন্য মৎস্য নিধনকারী সকল প্রকার জাল ধ্বংস করতে পদক্ষেপ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ইলিশ মাছ সংরক্ষণে আমরা সকল প্রকার কারেন্ট জাল ধ্বংস করার পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, আমরা এই জাল ধ্বংস করতে না পারলে দেশে ইলিশ মাছ থাকবে না। 
 
মন্ত্রী বলেন, বাংলাদেশে মাছের মোট চাহিদার ১২ শতাংশ পূরণ হয় ইলিশ মাছে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাকসুদুল হাসান খান, মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট এবং ওয়ার্ল্ড ফিশের উপ-মহাপরিচালক ড. প্যাট্রিক ডুগান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ইউএসএইড’র আর্থিক সহায়তায় বাংলাদেশে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জাতীয মৎস্য ইলিশ মাছের মজুদ বৃদ্ধি করা।
 
মন্ত্রী বলেন, সরকার ইলিশ মাছ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সাঈদ আরিফ আজাদ, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াবিষয়ক কান্ট্রি ডিরেক্টর ড. ক্রাইজ মেইমনার এবং ইউএসএইড’র পরিবেশ কর্মকর্তা নাথান মাগেও বক্তব্য রাখেন। বাসস।