ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীসহ নিহত ২

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৯:৪৪
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম রেল রুটে জেলার সদর দক্ষিণ ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা রেলওয়ে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে জেলা সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হন।
 
অপরদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একই রেলপথের ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামে সাইদুল হক ওরফে সাদেক (৬০) ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। তিনি ওই গ্রামেরই গ্রামেরই বাসিন্দা।
 
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, সাইদুল হকের মরদেহ ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ মর্গে রাখা হয়েছে।