চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার শরীফে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বাসে করে প্রায় ৪০-৫০ জনের একটি দল মাইজভান্ডার যাচ্ছিল। এ সময় কয়েকজন বাসের ছাদে করে যাচ্ছিল। বাসটি উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলেজ গেট এলাকায় পৌঁছালে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির তারে জড়িয়ে ছাদে বসা চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। দগ্ধ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। আহতরা হলেন, বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের আকতার আহমদের ছেলে মোহাম্মদ আলমগীর (২৬), তার ভাই জাহাঙ্গীর আলম (২৪), বেরুয়াখালী পাড়া গ্রামের মোহাম্মদ শহিদুল্লাহর ছেলে রাহাতুল ইসলাম (১২) ও সাতডালিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আতিক (২৮)।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
