জিয়ানগরে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ২২:২০
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিবদমান জমিতে সুপারি পাড়াকে কেন্দ্র করে এক কৃষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহত মো. আবুল হোসেন আকন (৫০) উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
 
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিবাদমান জমির গাছ থেকে আবুল হোসেন আকনসহ (৫০) সুপারি পাড়তে যান কয়েকজন। এ সময় আব্দুর রব মোল্লার (৬৫) নেতৃত্বে বেশ কয়েকজন আবুল হোসেন আকনসহ তার বড় ভাই ছত্তার আকন (৫৫) ফুফাত ভাই মন্টু শেখকে (৪৫) লাঠি দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে মো. আবুল হোসেন আকন মারা যান।
 
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে।