গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৫:৩৫
গাজীপুরের কাপাসিয়া, শ্রীপুর ও সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার দাদা-নাতিসহ ৪ জন নিহত হয়েছেন। 
 
গাজীপুরের কাপাসিয়ায় কভার্ডভ্যান চাঁপায় মোটরসাইকেলের আরোহী দাদা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের তরগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা  হলেন, দাদা আলী আকবর (৬০) ও নাতিন হৃদয় (১৭)। তাদের বাড়ি স্থানীয় তরগাঁও মধ্যপাড়া এলাকায়।
 
পুলিশ জানায়, হৃদয় মোটরসাইকেল চালিয়ে তার দাদা আলী আকবরকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় আমরাইদ বাজার যাচ্ছিলেন। পথে তরগাও এলাকায় শাহ সিমেন্টের একটি কভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসি ওই সড়কে নেমে আসে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে য়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল শুরু হয়। এ ঘটনায় চালকসহ কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। 
 
এদিকে গাজীপুরের শুক্রবার সকালে শ্রীপুর-গোসিঙ্গা সড়কের শ্রীপুর উপজেলার কর্ণপুর এলাকায় লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম ফাইজুদ্দিন (৫৫)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। 
 
শ্রীপুর থানার এসআই আব্দুস ছাত্তার জানান, ফাইজুদ্দিন বাইসাইকেলে করে বাড়ি থেকে শ্রীপুরে যাচ্ছিলেন। পথে কর্ণপুর এলাকায় পৌছলে সকাল সাড়ে ৮টার দিকে একটি লেগুনা তার বাইসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সাইকেলসহ রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এছাড়া ঢাকা-ময়মনসিংহ গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাস চাপায় এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত পোশাক কর্মীর নাম ফাতমা আক্তার ওরফে ফাহিমা (১৮)। তিনি স্থানীয় পশমী সোয়েটার কারখানার ম্যান্ডিং অপারেটর ছিলেন। তার স্বামী সোহেল মিয়া একই কারখানার নিটিং অপারেটার। ফাহিমা শেরপুরের শ্রীবর্দী থানার ডইলডইল্যা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।
 
হাইওয়ে পুলিশ ও নিহতের মামা আব্দুর রহমান জানান, সকালে কারখানার যাওয়ার পথে সাড়ে ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।