‘সুইডেনে স্কুলে হামলাকারীর বর্ণবাদী উদ্দেশ্য ছিল’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৭:৪৫
বর্ণবাদী মানসিকতা থেকে স্কুলে সুইডেনের একটি স্কুলে তলোয়ার দিয়ে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করা ব্যক্তির বর্ণবাদী মনোভাব ছিল। হামলাকারীর অ্যাপার্টমেন্ট তল্লাশি ও আক্রমণের সময়ে তার কর্মকাণ্ড বিশ্লেষণ করে স্থানীয় পুলিশ এই মন্তব্য করেছে। 
 
বিখ্যাত সাই ফাই সিনেমা স্টার ওয়ারের খলনায়ক ডার্থ ভেডারের বেশে গতকাল বৃহস্পতিবার তলোয়ার নিয়ে ২১ বছর বয়সী এক তরুণ সুইডেনের ট্রোলহাতান স্কুলে হামলা চালায়। ক্রোনান নামের ৪০০ শিক্ষার্থীর ওই স্কুলে তার হামলায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ও এক জন শিক্ষক নিহত হন। এছাড়া আরো একজন শিক্ষার্থী ও একজন ৪১ বছর বয়সী শিক্ষক আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে, তবে তার নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
 
পুলিশ কমান্ডার হ্যালগ্রেন এই হামলাকারী সম্পর্কে বলেন। তিনি বলেন, আমরা নিশ্চিত যে হামলাকারী বর্ণবাদী মানসিকতার কারণে এই হামলা করেছে। আমরা তার অ্যাপার্টমেন্ট তল্লাশি করে ও আক্রমণ করার সময়ে তার ব্যবহার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। হামলাকারীর একজন সহপাঠী একটি সুইডিশ দৈনিককে জানান, সে একজন নিভৃতচারী। ভিডিও গেম খেলতো এবং নিজের দুনিয়ায় বাস করতো। এছাড়া সুইডেনের বিভিন্ন দৈনিকে তার ফেসবুক ও ইউটিউব পোস্ট বিশ্লেষণ করে বলে, তার হিটলার ও নাৎসি জার্মানির প্রতি আগ্রহ ছিল। উল্লেখ্য, স্টার ওয়ার সিরিজের চরিত্র ডার্থ ভেডারকে অনেকটা জার্মানির একনায়ক হিটলারের বৈশিষ্ট্য অনুযায়ী গঠন করা হয়েছে। 
 
 এদিকে এই ঘটনার পরে সুইডেন জুড়ে শোক পালন করা হচ্ছে। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লভরেন হামলার দিনটিকে দেশটির ইতিহাসের একটি ‘কালো দিন’ বলে অভিহিত করেছেন।  তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা অর্জন, খেলাধুলা ও বন্ধুত্বের জায়গা। সেখানে এমন ঘটনা সারা দেশে প্রভাব ফেলেছে। সুইডেনের রাজা কার্ল গুস্তাফ বলেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং দুঃখিত। বিবিসি